জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৩০৫ জন যাত্রী ছিলেন এবং ৮৪ জন নিখোঁজ রয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত ৮ বা ৯ অক্টোবর রাতে গুহেরে এলাকার কাছে নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় অন্তত ১৫টি শিশুর প্রাণহানি ঘটেছে। ৮২ জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন। জিবুতি কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং জীবিতদের জরুরি সহায়তা প্রদান করছে।
আফ্রিকার হর্ন অঞ্চল থেকে প্রতি বছর বহু মানুষ উন্নত জীবনের আশায় বিপজ্জনক সমুদ্রপথে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে পাড়ি জমায়। এই যাত্রাপথে নৌকাডুবি, মানব পাচার ও আটকের ঝুঁকি অত্যন্ত বেশি। আইওএমের তথ্য অনুযায়ী, গত বছর এই অভিবাসন পথে ৯০০ জনেরও বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে।






