দেশের গড় মূল্যস্ফীতি ৮ শতাংশের উপরে থাকায় অনেক পরিবারের আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে, নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া, সন্তানের পড়াশোনা ও যাতায়াতের খরচ বাড়ায় মাসিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে আয়-ব্যয়ের সঠিক হিসাব রাখা, অপ্রয়োজনীয় খরচ কমানো এবং সামর্থ্য অনুযায়ী সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা জরুরি।
ব্যয় নিয়ন্ত্রণের প্রথম ধাপ হলো আয়-ব্যয়ের সঠিক হিসাব রাখা। মাসের শুরুতে সম্ভাব্য খরচের তালিকা তৈরি করে মাস শেষে প্রকৃত ব্যয়ের সঙ্গে মিলিয়ে দেখলে কোন খাতে বেশি খরচ হচ্ছে তা বোঝা যায়। এতে পরবর্তী মাসের জন্য ব্যয়ের পরিকল্পনা সহজ হয়। ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় ৫০/৩০/২০ বা ৮০/২০-এর মতো পদ্ধতিগুলো অনুসরণ করে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা যেতে পারে।




