নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এর নতুন ট্রেলার প্রকাশিত হওয়ার পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। রাবণ ও জটায়ুর আকাশপথে সংঘর্ষ, আগুনের বৃত্তে শিবের আরাধনায় মগ্ন রাবণ এবং রাম-পরশুরামের মুখোমুখি হওয়ার দৃশ্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ছবির বিশাল আয়োজন, চোখধাঁধানো ভিজ্যুয়াল ও অ্যাকশন দৃশ্য দেখে অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
বিশেষ করে রাবণ-জটায়ুর লড়াইয়ের দৃশ্যটি দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি করেছে। যশের অভিনীত রাবণের শিবের আরাধনার দৃশ্যকে শতাব্দীর অন্যতম সেরা ফ্রেম বলে মন্তব্য করেছেন অনেকে। রণবীর কাপুরের রামের লুক এবং রাম-পরশুরামের মুখোমুখি হওয়ার দৃশ্যকেও ছবির স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন দর্শকরা। ছবির ভিজ্যুয়াল নির্মাণ ও আবহসংগীতও প্রশংসা পাচ্ছে।








