ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে বিক্ষোভে অংশ নিতে গিয়ে সমাজকর্মী অঞ্জলি দামানিয়াকে আটক করেছে পুলিশ। রোববার শহরের দাদার এলাকার শিবাজি পার্কে বিক্ষোভে যোগ দিতে আসা আরও কয়েক ডজন ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, শিবাজি পার্কের কাছে পৌঁছালে অঞ্জলি দামানিয়াকে আটক করা হয় এবং একটি ব্যক্তিগত গাড়িতে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
অঞ্জলি দামানিয়া পিটিআইকে বলেন, ‘সিজেপির সমর্থনে শিবাজি পার্কে পৌঁছানোর পর সাদাপোশাকের পুলিশ সদস্যরা আমাকে আটক করেন। তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, তা আমি জানি না।’ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শিবাজি পার্কের আশপাশ থেকে আটক হওয়া ব্যক্তিদের বেশির ভাগকে শিবাজি পার্ক থানায় নেওয়া হয়েছে।













