তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের তৈরি পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি এই শিল্পের প্রতিষ্ঠাতা হওয়ায় বিএনপির দরদও এই খাতের প্রতি সবচেয়ে বেশি। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপি সবসময় আন্তরিক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও জানান, সরকার পোশাক শ্রমিকদের দাবির প্রতি আন্তরিক এবং দ্রুততম সময়ে কমিটি গঠন করে কাজ শুরু করেছে। এছাড়া, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন।












