যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হার প্রথমবারের মতো ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। ‘আমেরিকান রিসার্চ গ্রুপ’ (এআরজি) পরিচালিত এক নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। ১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এই জরিপে ট্রাম্পের সার্বিক জনপ্রিয়তা ২৯ শতাংশ এবং অর্থনীতি পরিচালনা সম্পর্কিত ইতিবাচক দৃষ্টিভঙ্গি ২৬ শতাংশে দাঁড়িয়েছে।
জরিপে অংশগ্রহণকারী ৭২ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে বলে জানিয়েছেন। এর বিপরীতে, মাত্র ৬ শতাংশ মানুষ আগামী এক বছরে অর্থনীতির উন্নতির আশা প্রকাশ করেছেন, যেখানে ৭০ শতাংশ পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছেন। এই পরিসংখ্যান ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যিনি প্রায়শই তার অর্থনৈতিক নীতির প্রশংসা করতেন।









