সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রায় আড়াই হাজার প্রার্থী নিয়োগপত্র না পাওয়ায় দেশজুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসনিক যাচাই-বাছাই শেষে অনেকের নাম বাদ পড়ায় তারা পুনঃ যাচাই ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাবি করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে পর্যায়ক্রমে তা দেওয়া হবে।
ভেরিফিকেশন প্রতিবেদনে নেতিবাচক তথ্য, ডোপ টেস্টে সমস্যা, স্বাস্থ্য ও শিক্ষা সনদে অসংগতি এবং পুলিশ বা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কারণে নিয়োগ আটকে গেছে বলে জানা গেছে। বিভিন্ন জেলায় প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।


