স্বর্ণ কেবল গয়না বা বিনিয়োগের মাধ্যম নয়, এর ব্যবহার বিস্তৃত হয়েছে স্মার্টফোন, কম্পিউটার, মহাকাশযান ও চিকিৎসাবিজ্ঞানেও। এমনকি বিশেষ কিছু খাবার সাজাতেও ব্যবহৃত হয় খাওয়ার উপযোগী স্বর্ণ, যা ‘এডিবল গোল্ড’ নামে পরিচিত। স্বর্ণের ক্ষয়রোধী ক্ষমতা, বিদ্যুৎ পরিবহন যোগ্যতা এবং সহজে পাতলা বা সূক্ষ্ম তারে রূপান্তরের ক্ষমতাই এর বহুমুখী ব্যবহারের মূল কারণ।
খাবারে ব্যবহৃত ২২ থেকে ২৪ ক্যারেট বিশুদ্ধ স্বর্ণের পাত খাবারের সৌন্দর্য বাড়ায় ও বিলাসিতার প্রকাশ ঘটায়। ইলেকট্রনিক যন্ত্রের সার্কিট বোর্ড, সংযোগকারী ও সুইচ তৈরিতেও স্বর্ণ ব্যবহৃত হয় কারণ এটি বিদ্যুৎ পরিবহনে কার্যকর এবং ক্ষয় হয় না। পুরোনো ইলেকট্রনিক বর্জ্য থেকেও স্বর্ণ সংগ্রহ করে পুনরায় ব্যবহার করা হচ্ছে।





