কানাডিয়ান সিরিজ ‘বিলো’ নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করেছে। মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বজুড়ে ১ কোটি ৭০ লাখ ভিউ নিয়ে ইংরেজি ভাষার সিরিজের তালিকার শীর্ষে জায়গা করে নেয় এটি। পরের সপ্তাহে দর্শকসংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ২ কোটি ১২ লাখে।
ছোট্ট উপকূলীয় শহর, উত্তাল সমুদ্র, পানির নিচে লুকিয়ে থাকা অজানা আতঙ্ক আর পরিবারকে বাঁচানোর মরিয়া চেষ্টা—এই উপাদানগুলো নিয়েই তৈরি হয়েছে সিরিজটি। কেবল সমুদ্রের দানবের গল্প নয়, এর আড়ালে উঠে এসেছে পরিবার, জীবিকার সংকট, বিচ্ছিন্ন জনপদের জীবন আর পরিবর্তনের সঙ্গে লড়াইয়ের গভীর চিত্র।



