হলিউডের নতুন সিনেমা ‘ভেরিটি’-তে অ্যান হ্যাথাওয়ে ও ডাকোটা জনসনের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন জশ হার্টনেট। এই দৃশ্যগুলো বাস্তবসম্মত করে তুলতে অন্তরঙ্গ দৃশ্যের সমন্বয়কের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। হার্টনেট বলেন, পরিচালক মাইকেল শোওয়াল্টার এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যেখানে অভিনয়শিল্পীরা স্বচ্ছন্দে কাজ করতে পেরেছেন, ফলে অন্তরঙ্গ দৃশ্য ধারণের সময়ও সেটে হাসি-ঠাট্টা ও বন্ধুত্বের আবহ বজায় ছিল।
‘ভেরিটি’ একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, যা কলিন হুভারের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। সিনেমাটিতে হার্টনেট অভিনয় করেছেন জেরেমি ক্রফোর্ড চরিত্রে, অ্যান হ্যাথাওয়ে তাঁর স্ত্রী ভেরিটি ক্রফোর্ডের ভূমিকায় এবং ডাকোটা জনসন লোয়েন অ্যাশলির চরিত্রে অভিনয় করেছেন। তিন অভিনয়শিল্পীর মধ্যে পর্দায় বিশ্বাসযোগ্য রসায়ন তৈরি করাই ছিল নির্মাণের অন্যতম চ্যালেঞ্জ।



