অভিনেতা ফাহাদ ফাসিল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাত্র ১২ বা ১৩ বছর বয়সে তামিল তারকা বিজয়ের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। ‘কাধালুক্কু মারিয়াধাই’ সিনেমার সেটে বিজয়ের সঙ্গে তার পরিচয় হয়, যা পরিচালনা করেছিলেন ফাহাদের বাবা ফাজিল। বিজয়ই প্রথম তাকে অভিনেতা হওয়ার কথা জিজ্ঞেস করেছিলেন। ফাহাদ আরও জানান, বিজয় তখন ‘কান্নুক্কুল নিলাভু’ এবং ‘কুশি’ সিনেমার পরিকল্পনা নিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন।
ফাহাদের নিজের অভিনয় ক্যারিয়ার ২০০২ সালে ‘কাইয়েথুম দূরাথ’ সিনেমার মাধ্যমে শুরু হলেও ছবিটি ব্যর্থ হয়। এরপর তিনি পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে দর্শন নিয়ে পড়াশোনা করার পর দেশে ফিরে বাবার সঙ্গে আবার কাজ করার সিদ্ধান্ত নেন। সেই প্রত্যাবর্তনের পর তার ক্যারিয়ার বদলে যায় এবং বর্তমানে তিনি দক্ষিণ ভারতের অন্যতম প্রশংসিত অভিনেতা।



