মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির কাছে মার্কিন যুদ্ধজাহাজসহ বিভিন্ন জাহাজে হামলার ঘটনায় ইরান নিজেদের সফলতা দাবি করেছে। তেহরানের ভাষ্যমতে, এসব হামলার কারণেই ওয়াশিংটন তাদের যুদ্ধজাহাজগুলো ইরানি উপকূল থেকে দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। সম্প্রতি ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন আট জন মেরিন সেনা অসুস্থ হওয়ার খবর প্রকাশের পর এই আলোচনা সামনে এসেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজগুলো চলতি মাসের শুরুতে তাদের আগের অবস্থান থেকে পিছিয়ে আরব সাগরের গভীরে সরে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা এই ঘটনাকে যোদ্ধাদের বীরত্বপূর্ণ আঘাতের ফল হিসেবে অভিহিত করেছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখেছে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।




