ইসরায়েলের কট্টর-ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির অধিকৃত পশ্চিম তীরের হেবরনের ইব্রাহিমি মসজিদে শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীকে নিয়ে প্রবেশ করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। এর একদিন আগে তিনি পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদেও প্রবেশ করেছিলেন।
ইসরায়েলি চ্যানেল ১৪-এর ফুটেজে বেন-গভিরকে মসজিদে প্রবেশ করতে দেখা গেছে। তিনি বলেন, মসজিদে এসে তিনি গান গাইতে ও আনন্দ করতে উদ্বুদ্ধ হন। ফিলিস্তিনের আওকাফ ও ধর্মীয় মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিদের সুক্কত উৎসবের সময় মসজিদটিতে মুসলিমদের প্রবেশ ও আজান নিষিদ্ধ করা হয়েছে। মন্ত্রণালয় এটিকে মসজিদের পবিত্রতার ওপর আঘাত এবং উপাসনার স্বাধীনতা ক্ষুণ্ণ করার শামিল বলে অভিহিত করেছে।




