ভারতের অরুণাচল প্রদেশের চ্যাংলাং জেলায় সশস্ত্র বিদ্রোহীদের অতর্কিত হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (স্থানীয় সময়) সকাল সাড়ে ৬টার দিকে মিয়ানমার সীমান্তের কাছে ২১ আসাম রাইফেলসের জওয়ানরা টহল দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। নিহত জওয়ানের নাম হাবিলদার জানখোখাই কুকি (৪২)।
প্রাথমিক তথ্যে জানা গেছে, এনএসসিএন (কে-ওয়াইএ) উপদলের বিদ্রোহীরা এই হামলা চালিয়ে থাকতে পারে। আহত জওয়ানদের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় বিদ্রোহীদের নির্মূল করতে ব্যাপক অভিযান শুরু করেছে। চ্যাংলাং জেলার ভারত-মিয়ানমার সীমান্ত এলাকা স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতার কারণে বরাবরই সংবেদনশীল।




