সৌদি আরব ও ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থানরত নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই সতর্কবার্তা দেয়। ইসরায়েল, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই সতর্কতার আওতায় রয়েছে।
মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণে বিরত থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, হুতিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে এবং এই সামরিক সংঘাত যেকোনো সময় মারাত্মক রূপ নিতে পারে। এছাড়া ইরান ও তাদের সমমনা গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থসংশ্লিষ্ট যেকোনো স্থাপনা বা নাগরিকদের লক্ষ্যবস্তু বানাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।







