সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গতকাল শনিবার একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায়। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিরা এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, সৌদি আরবের সাম্প্রতিক হামলার জবাবে তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে দুটি সফল সামরিক অভিযান চালিয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের এই দাবি স্বীকার করে জানিয়েছে, রিয়াদের প্রধান বিমানবন্দরের পাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল যা শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি একটি জ্বালানি ডিপোতে আঘাত হানে এবং আগুন ধরে যায়, যা পরে নিভিয়ে ফেলা হয়। হুতিরা রিয়াদের সংবেদনশীল স্থাপনা এবং ইয়ানবুতে আরামকো তেল স্থাপনা লক্ষ্যবস্তু করার দাবি করেছে।







