ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং লোহিত সাগরের উপকূলের জ্বালানি স্থাপনায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জ্বালানি ট্যাংক থেকে কালো ধোঁয়া দেখা যায় এবং বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। হুতিদের সামরিক মুখপাত্রের দাবি, রিয়াদের ‘সংবেদনশীল স্থাপনা’ এবং আরামকোর ইয়ানবু স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
সৌদি জোটের মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো শত্রুতামূলক প্রচেষ্টাও প্রতিহত করা হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। হুতিদের সঙ্গে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের দীর্ঘদিনের সংঘাত চলছে এবং সাম্প্রতিক লড়াইয়ে উভয় পক্ষে ৪৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।







