পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটির কেন্দ্রীয় সরকার প্রদেশটিতে জরুরি অবস্থা জারি ও গভর্নরের শাসন চালু করার পর এই ঘটনা ঘটে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, পুলিশ সোহেল আফ্রিদিকে আটক করেছে।
পিটিআইয়ের নেতারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীসহ দলের আরও কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যায়িত করেছে দলটি। প্রদেশের তথ্যমন্ত্রী শফি জান দাবি করেন, পিটিআইয়ের লংমার্চ থেকে সোহেল আফ্রিদিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।







