সন্তানের জন্মের পর প্রথমবার লোকচক্ষুর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা কাইফকে নিয়ে ট্রোলিং শুরু হয়েছে। সম্প্রতি আম্বানিদের গণপতি উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে যোগ দেন ক্যাটরিনা। এরপর তার গর্ভাবস্থার আগের ও পরের ছবি তুলনা করে নেটিজেনদের একাংশ তাকে কটাক্ষ করেন। এই বডিশেমিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ক্যাটরিনার সহ-অভিনেতা আলি জাফর।
আলি জাফর এক ভিডিও বার্তায় জানান, এটি নতুন কিছু নয়। এর আগেও তিনি মাহিরা খানের ওপর হওয়া একই ধরনের ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বলেন, সমাজ নারীদের শরীর, পোশাক এবং জীবনযাপনকে মূল্যায়নের বিষয় বানিয়ে ফেলেছে। পুরুষ হিসেবে আমাদের মানসিকতা সংশোধন করা জরুরি। অন্যের সমালোচনা না করে সবার প্রতি সহমর্মী হওয়া উচিত।








