রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গণপূর্ত মন্ত্রণালয় ইতোমধ্যে পরিকল্পনা কমিশনকে চিঠি দিয়ে প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করতে বলেছে।
স্থাপত্য অধিদপ্তর শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের জন্য তিনটি নকশা উপস্থাপন করেছে, যার মধ্যে একটি চূড়ান্ত করা হয়েছে। নতুন নকশা অনুযায়ী, সচিবালয়ের চারপাশে একটি চক্রাকার সড়ক নির্মিত হবে। প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকা।




