পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এই ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পরিচালিত প্রাদেশিক সরকারের কার্যক্রম স্থগিত হয়ে গেছে এবং সেখানে গভর্নরের শাসন জারি হয়েছে।
মন্ত্রিসভার সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই অনুমোদন দিয়েছেন। মন্ত্রিসভার সদস্যরা 'সন্ত্রাসবিরোধী লড়াই থেকে প্রাদেশিক সরকারের ইচ্ছাকৃতভাবে সরে থাকা'র বিষয়টি আমলে নিয়েছেন। পিটিআই অবশ্য হুঁশিয়ারি দিয়েছে যে, জরুরি অবস্থা বা গভর্নরের শাসন সমস্যার সমাধান আনবে না।




