হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়াম চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একচেটিয়া গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থায় প্রতিযোগিতা চালুর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রতিষ্ঠানগুলো হলো সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানাটা এবং যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ছাড়পত্র যাচাই করবে। ছাড়পত্র পেলে কনসোর্টিয়াম একটি প্রতিষ্ঠানকে নির্বাচন করবে, যা পরে বেবিচক থেকে লাইসেন্স পাবে। নতুন অপারেটর নিয়োগের ফলে তৃতীয় টার্মিনালে যাত্রী হ্যান্ডলিংয়ে বিমানের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান কাজ করবে, তবে কার্গো হ্যান্ডলিং বিমানের হাতেই থাকবে।






