বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) মালিকানাধীন কোম্পানি ফার্স্টকমকে বিশেষ সুবিধা দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি বিটিআরসির জারি করা একটি নির্দেশনা এই প্রশ্নকে আরও জোরালো করেছে। অভিযোগ রয়েছে, এর মাধ্যমে অতীতে অনিয়মে অভিযুক্ত কোম্পানিটিকে বাজার শৃঙ্খলা, বিধিবদ্ধ নজরদারি ও আর্থিক দায়ের কাঠামো পাশ কাটিয়ে একতরফাভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিটিআরসি কোনো নির্দিষ্ট কোম্পানির জন্য কাজ করে না এবং কোনো কোম্পানিকে সুবিধা দিতে কোনো নির্দেশনা জারি করেনি। প্রচলিত আইন অনুযায়ী আইজিডব্লিউগুলোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।










