বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এবং শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের মধ্যেকার সম্পর্ক নিয়ে এতদিন জল্পনা ছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে কারিনার জনপ্রিয় টক-শো 'হোয়াট উইমেন ওয়ান্ট'-এ অতিথি হিসেবে হাজির হয়েছেন মীরা রাজপুত। অনুষ্ঠানে দু'জনের একসঙ্গে ছবিও প্রকাশ্যে এসেছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে মীরা রাজপুত বলেন, “মহিলারা নিজেদের মতো করে বাঁচতে চান। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ কারিনা। তুমি যেমন মানুষ ও নারী, তেমনই থাকার জন্য তোমাকেও ধন্যবাদ।” কারিনা উত্তরে লেখেন, “তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।” এই সাক্ষাৎকারে মীরা তার ব্যক্তিগত জীবন, সন্তানদের বড় করে তোলা বা জীবনযাপন নিয়ে কোনো অজানা কথা বলবেন কিনা, তা নিয়ে দর্শক মহলে কৌতূহল তৈরি হয়েছে।







