পাকিস্তান লোহিত সাগরের বাবেল মানদেবে বাণিজ্যিক জাহাজে হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে পাকিস্তান এই আহ্বান জানায়। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত অসীম ইফতিখার আহমেদ বলেন, 'সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলা এসব উসকানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে আমরা হুথি মিলিশিয়াদের প্রতি আহ্বান জানাচ্ছি।'
তিনি আরও বলেন, হুথিদের এই উসকানিমূলক হামলা সামুদ্রিক নিরাপত্তাকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং আঞ্চলিক দেশগুলোর, বিশেষ করে সৌদি আরবের শান্তি ও উন্নয়নকে হুমকিতে ফেলছে। তিনি হুথিদের এই আক্রমণকে সৌদির ওপর অযাচিত ও প্রত্যক্ষ আগ্রাসন হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রদূত অসীম সৌদি আরবের সার্বভৌমত্ব, রাজনৈতিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন।







