রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) আজ বৃহস্পতিবার এই ইউনিটের চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। বায়রা চেয়ারম্যান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি নিরাপত্তা ব্যবস্থার ভালভের জটিলতা সমাধানের পর এই অনুমোদন দেওয়া হয়েছে। রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দল সমস্যাটি সমাধান করেছে। অনুমোদনের পর খুব কম শক্তিতে বিক্রিয়া শুরু করে বিভিন্ন ব্যবস্থা পরীক্ষা করা হবে, যা প্রায় ৩০-৪০ দিন সময় নিতে পারে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।














