রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় প্লট দখল, রাস্তা বন্ধ এবং ভবন নির্মাণে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে নির্মাণশ্রমিকদের মারধর ও কাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় থানায় একাধিক জিডি করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্লট ও ফ্ল্যাটমালিকেরা।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে ‘সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকা প্লট, বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি’। সমিতির সভাপতি এ কে এম শামসুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) আওতাধীন রূপনগরের দুয়ারীপাড়া এলাকার এই আবাসন প্রকল্পের ‘ক’ ও ‘খ’ ব্লকে অন্তত অর্ধশত প্লটের মালিক চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। গভীর রাতে ইট-বালু ও টিন দিয়ে স্থাপনা নির্মাণ, দেয়াল তুলে গেট তৈরি এবং ২০ ফুট চওড়া রাস্তায় লোহার অ্যাঙ্গেল ওয়েল্ডিং করে চলাচলের পথ আটকে দেওয়া হয়েছে। প্রকল্পের খ-ব্লকের পূর্ব পাশে ৪০ ফুট প্রশস্ত রাস্তাসহ প্রায় ৯০ কাঠা জায়গা দখল করে বস্তি ও গ্যারেজ বসানো হয়েছে, যার আড়ালে চলছে মাদক ব্যবসা। এসব ঘটনায় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর কার্যালয় থেকে রূপনগর থানায় একাধিক জিডি ও লিখিত অভিযোগ করা হলেও পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি।









