রাশিয়ার তিন দিনব্যাপী সংসদীয় নির্বাচনের শেষ দিনে রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন এবং মস্কোর একটি প্রধান তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্তৃপক্ষ এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, দুটি পৃথক স্থানে এক ৪৪ বছর বয়সী নারী ও এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। একটি ড্রোন ২১ তলা ভবনে আঘাত হানলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং ৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৬০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলায় মস্কো তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোবিয়ানিন অভিযোগ করেন, নির্বাচনকে ব্যাহত করতেই হামলাটি চালানো হয়েছিল, তবে শত্রু তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইউক্রেন অবশ্য এই ড্রোন হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।







