যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আইনে ভারত কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। এই আইন অনুযায়ী, রাশিয়া থেকে জ্বালানি কিনলে ভারতসহ অন্যান্য দেশের পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের বিপুল পরিমাণ জ্বালানি প্রয়োজন, যা তারা কম দামে কিনতে চায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও বজায় রাখতে চায়। কিন্তু বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা এবং মার্কিন চাপ নয়াদিল্লির জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে।
ভারত নতুন আইনটিকে হুমকি হিসেবে দেখছে, যা তাদের ওপর মার্কিন চাপ বাড়াতে পারে। অন্যদিকে, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে সমস্যা হওয়ায় রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর ভারতের নির্ভরতা বেড়েছে। যুক্তরাষ্ট্র বারবার নীতি পরিবর্তন করায় ভারতকেও তেল কেনার পরিকল্পনা বদলাতে হয়েছে।







