জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা মনে করেন, অভিনয়ের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। চরিত্রের প্রয়োজনে বিকিনি বা খোলামেলা পোশাক পরার প্রসঙ্গ এলেও তিনি নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন। তবে নিজের আপত্তির কথা নির্মাতাদের জানানো যে সব সময় সহজ নয়, সেটিও স্বীকার করেছেন তিনি।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে তিনি এই বিষয়ে কথা বলেন। তিনি জানান, কোনো কোনো চরিত্রের প্রয়োজনে বিকিনি পরার মতো পোশাক লাগতে পারে, কিন্তু তাতেও শরীরের অতিরিক্ত অংশ প্রদর্শনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। বাণিজ্যিক ছবিতে এমন পোশাক পরার পরিস্থিতি তৈরি হতে পারে, যেগুলো অভিনেতার ব্যক্তিগত পছন্দের সঙ্গে পুরোপুরি মেলে না। সে ক্ষেত্রে নিজের সীমারেখা স্পষ্ট করে দেন তিনি।



