বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তাদের আসন্ন সিনেমা 'রানাবালি' মুক্তির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের খুনসুটি ও মিষ্টি রসায়ন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি রাশমিকা সিনেমার একটি গানের ক্লিপ শেয়ার করে বিজয়ের প্রতি নিজের ভালো লাগা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘এটা ভাবতেই অবাক লাগে যে সে পুরোপুরি আমার। তবুও তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’
বিজয়ও এর জবাবে লেখেন, ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারা জীবনের জন্য পেয়েছি।’ সিনেমায় বিজয় ‘রানাবালি’ চরিত্রে এবং রাশমিকা তার স্ত্রী জয়াম্মা চরিত্রে অভিনয় করেছেন। ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত এই সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


