বলিউড অভিনেতা অজয় দেবগনের জুহুর বাংলো ঘিরে নতুন করে আইনি জটিলতা দেখা দিয়েছে। বাংলোর একটি অংশে স্যালঁ ও স্পা পার্লার তৈরির কাজ শুরু হয়েছিল, যা নিয়ে আপত্তি তুলেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। কো-অপারেটিভ হাউজিং সোসাইটির অভিযোগের ভিত্তিতে বিএমসি এই কাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে।
অভিযোগ উঠেছে, বাংলোর যে অংশে স্যালঁ ও স্পা তৈরির কাজ চলছিল, সেটি বাণিজ্যিক ব্যবহারের জন্য অনুমোদিত নয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিএমসি কর্তৃপক্ষ কাজ বন্ধের নোটিশ জারি করেছে। দেবগন পরিবারকে চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু হলে পার্কিং, নিরাপত্তা ও শব্দদূষণের মতো সমস্যা বাড়ার আশঙ্কা করছেন।


