অভিনেতা মুশতাক খানের মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে হাসপাতালে তার সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা রাজপাল যাদব। বৃহস্পতিবার দুপুরের সেই সাক্ষাতের স্মৃতি এখনো যেন বিশ্বাস করতে পারছেন না রাজপাল। কারণ দেখা হওয়ার কয়েক ঘণ্টা পরই না ফেরার দেশে পাড়ি জমান প্রিয় সহকর্মী। ২৪ সেপ্টেম্বর মুশতাকের সঙ্গে হাসপাতালে সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন রাজপাল। সেখানে হাসপাতালের শয্যায় শুয়ে থাকা মুশতাককে রাজপালের হাত ধরে থাকতে দেখা যায়।
রাজপাল লেখেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুরে মুশতাক ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে দেখেছেন, এমনকি আমার সঙ্গে হাতও মিলিয়েছেন।’ সেই সাক্ষাতের স্মৃতি তুলে ধরে তিনি আরো লেখেন, ‘আমরা যা যা বলছিলাম, উনি সব শুনছিলেন। মাত্র দু’ঘণ্টা আগে যার সঙ্গে দেখা করলাম এবং হাত মেলালাম, সেই মানুষটা আর আমাদের মধ্যে নেই— এটা এখনো বিশ্বাস করতে পারছি না।’ ৫৬ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন মুশতাক খান।


