রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌপথে তীব্র স্রোতের কারণে গত দুই সপ্তাহ ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে বাধ্য হয়ে উত্তাল পদ্মায় ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলার ও স্পিডবোটে পারাপার হচ্ছেন যাত্রীরা। ফেরি বন্ধ থাকায় এ রুটের যানবাহনগুলোকে কুষ্টিয়ার লালন শাহ সেতু ঘুরে যাতায়াত করতে হচ্ছে, যা অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি ও তীব্র স্রোতের কারণে দুটি ফেরির চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি বন্ধের সুযোগে ট্রলার ও স্পিডবোটে ভাড়া বেড়েছে। জীবনের ঝুঁকি এবং বাড়তি ভাড়া—দুই ধরনের ভোগান্তিতে পড়েছেন এ নৌপথের যাত্রীরা।




