রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণ শ্রমিককে প্রাইভেট কার চাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (২৪) নীলফামারীর ডোমার এলাকার বাসিন্দা ছিলেন এবং বারিধারায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কিশোরটি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল এবং দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করে। যদিও মামলার এজাহারে গাড়িচালক হিসেবে আকাশ মারাক নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে, পুলিশ কিশোরটিকে গ্রেপ্তার দেখিয়েছে। কিশোরটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ক্যাপ্টেনের ছেলে এবং ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী। তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।








