অস্ট্রেলিয়ায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি তার স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে প্রায় ৮০ লাখ টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। আওলাদ হোসেন (৫১) নামের এই ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, ব্যক্তিগত স্বার্থে বিদেশি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে এটিই অস্ট্রেলিয়ায় প্রথম আনুষ্ঠানিক মামলা।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশে নিহত রেহেনা পারভিনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নিজের নাম বাদ দেওয়া এবং তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্যে আওলাদ হোসেন এই অর্থ পাঠান। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই বছর ধরে তিনি এই চেষ্টা করছিলেন বলে পুলিশের দাবি। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।









