গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য নিজ বাড়ি পর্যন্ত ২০টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন ওহিদুল মোল্লা (৩২)। হ্যাকিংয়ের কাজে তিনি ৬৮টি সিম ব্যবহার করতেন। ঘুমানোর জন্য কবুতরের ঘরের মধ্যে তৈরি করেছিলেন বিছানা, যেখানে ছিল সিসিটিভি মনিটর ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি ইমো হ্যাকিং চক্রের রাজধানীখ্যাত বিলমাড়িয়া গ্রামের হ্যাকার সম্রাট হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, ওহিদুল মোল্লা নির্বিঘ্নে হ্যাকিং কার্যক্রম চালাতে এবং গ্রেপ্তার এড়াতে নানা কৌশল অবলম্বন করতেন। তাঁর অধীনে এলাকায় কয়েক শ হ্যাকার চক্র গড়ে উঠেছে। এ ঘটনায় লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছেন। মামলায় ওহিদুল মোল্লা ছাড়াও তাঁর পাঁচ সহযোগীকে আসামি করা হয়েছে।





