সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীটি গ্রুপের ‘এস সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ এর ভেতরে দাঁড়িয়ে থাকা সিএনজি সিলিন্ডারবাহী গাড়িতে আগুন লেগে বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানায় তিতাসের গ্যাসের সংযোগ থাকলেও পর্যাপ্ত চাপ না থাকায় সিলিন্ডারবাহী লরি থেকে গ্যাস সরবরাহ করা হতো, যা সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে। বিস্ফোরণে গাড়ির অংশবিশেষ উড়ে গিয়ে পাশের ভবনের ছাদেও পড়ে। নিহতদের মধ্যে কারখানার শ্রমিক ও পথচারী রয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।








