ভারতের বিহারের জামুই জেলায় কোচিং থেকে ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রী ও তার সহপাঠীকে আটকে মারধর ও যৌন হয়রানির ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনাকে 'ভয়াবহ' আখ্যা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি এটিকে অন্ধ পিতৃতান্ত্রিক মানসিকতার প্রকাশ বলেও মন্তব্য করেছেন।
গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মাদওয়া পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, কোচিং শেষে স্কুটারে করে ফেরার পথে একদল যুবক তাদের পথ আটকায়। ভিডিওতে ছাত্রটির সঙ্গে মারধর এবং ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের দৃশ্য দেখা যায়। ঘটনার তদন্তে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিহারে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।





