মাদ্রাসায় হেফজ শেষ না করেই রাজমিস্ত্রির সহকারী ও পরে রিকশাচালক হিসেবে কাজ শুরু করেন ওহিদুল মোল্লা। জীবিকার তাগিদে তিনি পাঁচ বছর আগে রিকশা চালানো ছেড়ে হ্যাকিং ও মাদক ব্যবসা শুরু করেন। অল্প সময়েই তিনি এলাকায় ‘হ্যাকিং গুরু’ হিসেবে পরিচিতি পান এবং বাড়ি-গাড়ির মালিক হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তিনি নিজের বাড়ি পর্যন্ত ২০টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন। পুলিশ গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাঁর উত্থানের গল্প এলাকায় আলোচিত হচ্ছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানিয়েছেন, বাবার মৃত্যুর পর অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে বিভিন্ন পেশায় যুক্ত হন ওহিদুল। পরে হ্যাকিংয়ের মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ উপার্জন করেন। তিনি একটি পাকা বাড়ি তৈরি করেন এবং মহিষ ও দামি কবুতরের খামার গড়ে তোলেন।








