রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৫ লাখ টাকার জাল নোটসহ মো. রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শনিবার রাতে যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়কের কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকার বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করে আসছিলেন এবং সেগুলো বাজারে আসল হিসেবে চালিয়ে মুনাফা করার চেষ্টা করছিলেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।


