হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত প্রবেশাধিকার বহাল রাখতে আদালতের কাছে আবেদন করেছে তিন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাও ও পলিটিকো। গতকাল সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে করা আবেদনে সংবাদমাধ্যম তিনটি ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত রাখার প্রাথমিক আদেশ জারির অনুরোধ করেছে। এর আগে ওই মামলার বিচারক মার্কিন ডিস্ট্রিক্ট জজ টিমোথি কেলি ১৪ দিনের জন্য ট্রাম্প প্রশাসনের ওই নিষেধাজ্ঞার ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছিলেন, যার মেয়াদ আগামী ৮ অক্টোবর শেষ হবে।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও ট্রাম্পের টেনেসি সফরে সিএনএন-এর প্রতিবেদককে এয়ার ফোর্স ওয়ানে ওঠার অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনার কথা উল্লেখ করে তারা বলেছে, স্থগিতাদেশ কার্যকরের ক্ষেত্রে হোয়াইট হাউস এখনো ‘অনিশ্চিত ও অসংগতিপূর্ণ’ আচরণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই তিন সংবাদমাধ্যমের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা ঘোষণা করেন।




