মালয়েশিয়া সরকার আজ মঙ্গলবার মিয়ানমারের প্রায় ১,৫০০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি সত্ত্বেও এই কার্যক্রম শুরু হয়েছে। মালয়েশিয়া সরকারের দাবি, শরণার্থীরা স্বেচ্ছায় এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের কারণে ফেরত পাঠানো ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও নাগরিক সমাজ।
পেরাক রাজ্যের লুমুত নৌঘাঁটির কাছে একটি স্টেডিয়ামে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরসহ বাস এসে পৌঁছায় এবং পরে সেগুলোকে বন্দরে নেওয়া হয়। সেখানে মিয়ানমারের নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি ভাসমান হাসপাতাল নোঙর করে ছিল। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রত্যাবাসনের আওতায় মিয়ানমার সরকার ১,৪৭৬ জন নাগরিককে শনাক্ত করেছে।




