সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে গায়ক সোনু নিগমকে সালমান খানের গান নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। তবে সোনু নিগম নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন যে, ভিডিওটি সম্পাদনা করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, তার ওই প্রতিক্রিয়া সালমান খানের গান নিয়ে ছিল না, বরং এটি ছিল এক পাকিস্তানি কিশোরী গায়িকার গান শুনে দেওয়া তার পুরনো মন্তব্য।
ভিডিওটির সাথে ‘সোনু নিগম রোস্ট সালমান খান সিংগিং’ লেখা থাকায় বিভ্রান্তি তৈরি হয়। সোনু নিগম তার ইনস্টাগ্রাম ফিডে ভিডিওটি শেয়ার করে জানান যে, এটি আসলে ২০২০ সালে পাকিস্তানি গায়িকা হাদিয়া হাশমির ‘বল হু’ গানটি শোনার সময়ের প্রতিক্রিয়া ছিল। তিনি গানটির প্রশংসা করেছিলেন এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এই ঘটনার সূত্রপাত হয় ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটির ১০ বছর পূর্তি উপলক্ষে সালমান খান ফিল্মসের একটি পোস্ট নিয়ে, যেখানে সুরকার আমাল মালিকের নাম উল্লেখ না থাকায় বিতর্ক তৈরি হয়।








