‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিয়ে নিয়ে কথোপকথনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা ও তাঁর স্বামী বিজয় দেবরাকোন্ডা। এবার সেই সমালোচনার জবাব দিলেন রাশমিকা। ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টে তিনি জানিয়েছেন, নিজের সম্পর্ক নিয়ে তিনি সুখী এবং বিজয়কে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত বারবার নিতে রাজি। তাঁর কথায়, ‘আমি আমার মানুষটিকে ভীষণ ভালোবাসি। হাজারবারও যদি বিয়ে করতে হয়, করব।’
রাশমিকা জানান, সাধারণত মানুষের মতামতের জবাব দেন না তিনি। কিন্তু এবার তাঁর ও বিজয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে অনেকে অযাচিত মন্তব্য ও সম্পর্ক নিয়ে পরামর্শ দিয়েছেন। বিয়ে নিয়ে তাঁদের কথার ব্যাখ্যাও দিয়েছেন রাশমিকা। তাঁর ভাষ্য, দুজনেরই সময় নিয়ে একে অপরকে বোঝা এবং জীবনের ভালো-মন্দ, আনন্দ ও চাপের মধ্যেও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়াই ছিল গুরুত্বপূর্ণ।



