অভিনেত্রী নন্দিনী দত্ত ‘বিগ বস বাংলা ৩’-এ এসে আলোচনার কেন্দ্রে রয়েছেন। সহপ্রতিযোগীদের সঙ্গে ঝামেলা, রাজবীর দের সঙ্গে ঘনিষ্ঠতা এবং সম্প্রতি তাঁর চুম্বনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় রিয়েলিটি শোর বিতর্কই তাঁর পরিচিতির বড় অংশ হয়ে উঠেছে। ২০১৯ সালে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় শুরু করেন নন্দিনী। এরপর ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ ও ‘রামকৃষ্ণা’ ধারাবাহিকে অভিনয় করেন।
টেলিভিশনের পাশাপাশি ‘বোধন’ ও ‘দুই শালিক’-এর মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। ‘বিগ বস’-এর ঘরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে আসার পর তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। ঘরের মধ্যে তাঁদের ঘনিষ্ঠতা এবং সম্প্রতি রাজবীরের চুম্বনের দৃশ্য ছড়িয়ে পড়ায় দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


