বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) জন্য সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। নতুন এই নিয়ম আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। লেনদেনের সময় গ্রাহকের হিসাব থেকে টাকা কেটে নেওয়া হলেও মার্চেন্ট টাকা না পেলে ইস্যুয়িং ব্যাংক বা এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে ওই টাকা গ্রাহকের হিসাবে ফেরত দিতে হবে।
স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তিযোগ্য নয় এমন বিরোধের ক্ষেত্রে গ্রাহক ৪৫ দিনের মধ্যে অভিযোগ জানাতে পারবেন। ইস্যুয়িং প্রতিষ্ঠানকে দুই কার্যদিবসের মধ্যে অভিযোগ গ্রহণ বা বাতিল করতে হবে, অন্যথায় বিষয়টি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সেন্ট্রালাইজড ডিসপুট ম্যানেজমেন্ট সিস্টেমের (ডিএমএস) মাধ্যমে আনুষ্ঠানিক ‘চার্জব্যাক’ প্রক্রিয়ায় চলে যাবে। অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানগুলো চার্জব্যাকের জবাব দেওয়ার জন্য সাত দিন সময় পাবে।




