রপ্তানি আয় বাড়াতে তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমাতে নতুন বাজার ও পণ্য বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, চীন, ভারতসহ ২০টি সম্ভাব্য বাজার চিহ্নিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় এসব বাজার বিশ্লেষণ করে সমন্বিত রপ্তানি কৌশলপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মশালায় ওষুধ, ইলেকট্রনিকস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও সেবা খাতকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি সেবা রপ্তানি এবং প্রতিবেশী দেশগুলোতে পণ্য ও সেবা রপ্তানি বাড়ানোরও প্রস্তাব করা হয়।




