দেশের বাজারে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে কোনো সংকট নেই বলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আশ্বস্ত করেছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির সরবরাহ ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত এক মতবিনিময়সভায় অপারেটরদের পক্ষ থেকে এ নিশ্চয়তা দেওয়া হয়।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য তুলে ধরে জানানো হয়, গত আগস্টে দেশে ১,৫৭,৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে ১,১৮,৭৪২ মেট্রিক টন। এসব তথ্য পর্যালোচনা করে সভায় বলা হয়, দেশে এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বর্তমানে এলপিজির কোনো ধরনের সংকট নেই বলে জানান আমদানিকারক ও অপারেটররা। জ্বালানি মন্ত্রী পর্যাপ্ত মজুদ থাকার পরও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহে কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।




