যুক্তরাষ্ট্রের নতুন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তীব্র মুদ্রাস্ফীতির কারণে ইরানের অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। মুক্তবাজার বা অনানুষ্ঠানিক বৈদেশিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। খোলা বাজারে প্রতি ১ মার্কিন ডলারের বিনিময়মূল্য রেকর্ড ২৩ লাখ ইরানি রিয়ালে ঠেকেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র তেহরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে আরো বিচ্ছিন্ন করতে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানে মূল্যস্ফীতির হার বর্তমানে ৬১.৪ শতাংশে পৌঁছেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। রিয়ালের দ্রুত অবমূল্যায়নের কারণে আমদানি করা পণ্য ও কাঁচামালের দাম আরো বাড়তে পারে এবং খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপ আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।




